সিরাজগঞ্জে হরতালের ঘটনায় তিন মামলা
গত তিন দিনে জামায়াতের ডাকা হরতাল চলাকালে সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে জেলা সদর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি, নেতা-কর্মীসহ ১১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার হরতাল চলাকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকার কাশেম মোড় এলাকায় পিকেটাররা গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক মোতালেব হোসেন বাদী হয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলামসহ ৩৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।গত মঙ্গলবার হরতাল চলাকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে জেলা জামায়াতের সেক্রেটারি শাহিনুর আলমসহ ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেন।একই দিন সার্কিট হাউসের কাছে গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলামসহ ৪৯ জনের নাম উল্লেখ করা হয়। এতে অভিযোগ আনা হয় অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে। মামলাটি করেন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাকিম মিয়া।