সিরাজগঞ্জে ১৩ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার স্বরাতৈল গ্রামে ১৩ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আউয়াল বলেছেন, ‘স্বরাতৈল গ্রামে ১৩ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। তাদেরকে বিনা মূল্যে ওষুধপত্র সরবরাহ করা হয়েছে। তবে এ বিষয়ে আতঙ্কের কোনো কারণ নেই।’এদিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিত্সক আরিফ প্রথম আলোকে জানান, গত বুধবার বহির্বিভাগে কয়েকজন রোগী এলে তাদের অ্যানথ্রাক্স রোগ হয়েছে বলে চিহ্নিত করা হয়।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, অ্যানথ্রাক্সে বেশ কিছু লোক আক্রান্ত হয়েছে, বিষয়টি শুনেছি। কীভাবে এ রোগের বিস্তার লাভ করল, সরেজমিনে গিয়ে দেখে জানানোর জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. নাজিম উদ্দীন খান অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে স্থানীয় প্রাণীসম্পদ বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।