সিরাজগঞ্জে ১৭ জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সয়দাবাদে দুর্ঘটনার পরে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আজ শুক্রবার জেলা প্রশাসনের তদন্ত দল সাক্ষ্য নিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সকাল ১০টায় সাক্ষ্য নেওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ চলবে। তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী প্রথম আলোকে জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান ট্রেনে ওই দুর্ঘটনা ঘটে। ট্রেনটির পাঁচজন অ্যাটেনডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হলেন: দুলাল মিঞা, আবদুল হাই, ফজলুল হক, ইব্রাহিম ও সিকান্দার। এ ছাড়া ওই ট্রেনের গার্ড জে এন মুখার্জি ও টিকিট কালেক্টর নজরুল ইসলামেরও সাক্ষ্য নেওয়া হয়েছে। তদন্ত দল জিআরপি থানার তিন সেপাইকেও জিজ্ঞাসাবাদ করেছে। লিখিত ও মৌখিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। দীপক রঞ্জন অধিকারী আরও জানান, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সুধাংশু মোহন চাকী, ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মমিন ও জেলা আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সাক্ষ্য গ্রহণের ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর বিকেলে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা মঞ্চের ২০ গজ দূরে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হন। এরপর সৃষ্ট সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। তখন বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকেরা ট্রেনে আগুন ধরিয়ে দেন। এ সময় ট্রেনে লুটপাটও চলে। ওইদিন বেলা পৌনে তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে।