সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাবের গুলিতে খোরশেদ আলম (৪০) নামের একজন নিহত হয়েছেন। উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের জোটিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।র‌্যাবের দাবি, সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধে খোরশেদ নিহত হন। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১১টি মামলা আছে। তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রবিউল হাসানের দাবি, একদল দুর্বৃত্ত গতকাল রাত দুইটার দিকে কামারখন্দ উপজেলার চর টেঙ্গাইল গ্রামে ডাকাতি করতে আসে। র‌্যাব তাদের ধাওয়া দিলে জোটিবাড়ী এলাকায় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে খোরশেদের লাশ পড়ে থাকতে দেখা যায়। র‌্যাবের দুজন সদস্যও ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। তাঁর দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি, একটি দেশি পিস্তল, দুটি রামদা, চারটি গুলির খোসা, একটি হাঁসুয়া ও দুটি বল্লম উদ্ধার করা হয়েছে।