সিরাজগঞ্জের গ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আজ শনিবার একটি প্রশিক্ষণ বিমান (এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর কামরুজ্জামান নামের একজন পাইলট নিখোঁজ রয়েছেন। চৌহালি উপজেলায় উমরপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামে যমুনা নদীতে সেসনা¬-১৫২ নামের এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি একটি বেসরকারি ফ্লাইয়িং ক্লাবের এয়ারক্রাফট। বেঁচে যাওয়া পাইলট শামসুদ্দিন জানান, বিমানটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। উড্ডয়নের ৪০ মিনিট পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কামরুল হাসান বিমানটি চালাচ্ছিলেন। ত্রুটি ধরার পরপরই তিনি বিমানটি ল্যান্ড করার চেষ্টা করেন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লাগলে বিমানটির চাকা ভেঙে যায়। তখন শামসুদ্দিন সিট বেল্ট খুলতে সমর্থ হলেও এরই মধ্যে বিমানটি পানিতে পড়ে যায়। পরে শামসুদ্দিন বিমানের দরজা ভেঙে ভেতর থেকে বের হয়ে পািনতে ভেসে উঠলে নদীতে থাকা নৌকার যাত্রীরা তাঁকে উদ্ধার করেন। শামসুদ্দিনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। বিকেল পৌনে তিনটার দিকে বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম একটি হেলিকপ্টারে করে শামসুদ্দিনকে ঢাকায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার শহীদুল ইসলামের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। এদিকে রাজশাহী থেকে একটি ডুবুরি দল, সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে ১২ সদস্যের সেনা দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন, ঢাকার একটি ফ্লাইং ক্লাবের ওই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামে যমুনা নদীতে সেটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট শামসুদ্দিন উদ্ধার হলেও অপর পাইলট কামরুল হাসান নিখোঁজ রয়েছেন।