সিরাজগঞ্জের ঘটনায় আরও ১৬ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জের মুলীবাড়িতে গত ১১ অক্টোবর ছাত্রদলের সমাবেশের পাশে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যুর জেরে অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে আটজনকে এবং ঢাকা থেকে আরও আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হলো। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিলানী জানান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। রায়গঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির রুহুল আমিন জিহাদী, রায়গঞ্জ ইউপি সদস্য ইউনিয়ন জমায়াতের আমির মমতাজুল ইসলাম, সলঙ্গা থানা যুবদল নেতা নসির উদ্দিন, শ্রমিক দল নেতা জগদীশ চন্দ্র সূত্রধর, বিএনপি কর্মী কল্লোল সরকার, হাটিকুমরুল ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম, বিএনপি কর্মী ছানোয়ার হোসেন, রোকনুজ্জামানকে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান রতন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলমগীর আলম, মালসাপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেন, শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা আজাহার আলী, উল্লাপাড়া বিএনপি নেতা ওবায়দুল্লাহ ও রফিকুলকে ঢাকার মগবাজারের দুটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই ১৬ জনকে আজ আদালতে হাজির করে জামিন আবেদন করলে সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক হাসান মাহমুদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।