সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আজ শনিবার এক সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।আহত ব্যক্তিরা হলেন যুবলীগের বেলকুচি উপজেলা সভাপতি মীর সেরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাশেদ, বিএনপির কর্মী নুরুল ইসলাম ও মিজানুর রহমান। আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রাশেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলকুচিতে তারেক রহমানের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে যুবদলের মোহাম্মাদ আলী ভূঁইয়া ও আলম গ্রুপের মধ্যে বেশ কয়েক দিন আগে সংঘর্ষ হয়। বিবাদ নিরসনে আজ দুপুরে উপজেলার সুবর্ণসাড়া গ্রামে বৈঠকে বসেন জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে আলমকে বহিষ্কার করার গুজব ছড়িয়ে পড়লে তিনি বৈঠক ছেড়ে চলে যান।পরে আলমের দুই ভাই যুবলীগ কর্মী হযরত আলী ও মহর আলী স্থানীয় ওয়াপদা বাঁধের ওপর গিয়ে প্রতিপক্ষের কর্মীদের ওপর হামলা চালান। এ সময় বিএনপির কর্মী নুরুল ইসলাম ও মিজানুর রহমান আহত হন।খবর পেয়ে সুবর্ণসাড়া গ্রামের বিএনপির কর্মীরা পাল্টা হামলা করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।