সিরাজগঞ্জের মামলায় বিএনপির ৫ কেন্দ্রীয় নেতার জামিন
সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলায় আজ রোববার বিএনপির পাঁচ কেন্দ্রীয় নেতা জামিন পেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, হান্নান শাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম আজ রোববার সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জোয়ার্দার মোহাম্মাদ আমীরুল ইসলাম তাঁদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মামলার অপর দুই আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিদেশে থাকায় এবং ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর অন্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতে হাজির হননি। গত ১১ অক্টোবর খালেদা জিয়ার সমাবেশস্থলের পাশে মুলিবাড়ীতে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। পরে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রেনে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সিরাজগঞ্জ আদালতের এপিপি হায়দার আলী একটি মামলা করেন।