সিরাজগঞ্জের শিয়ালকোলে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শিয়ালকোলে একই স্থানে, একই সময় বিএনপি ও আওয়ামী লীগ প্রতিবাদ সভা আহ্বান করায় জেলা প্রশাসন আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসন ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের তিনটি কেন্দ্রের ফলাফলে কাটাকাটি, ভোট কারচুপি, অনিয়মের অভিযোগে ফলাফল বাতিল করার জন্য নির্বাচন ট্রাইব্যুনালে পরাজিত প্রার্থী জান্নাত আরা হেনরী তালুকদার মামলা দায়ের করেন। এ মামলা প্রত্যাহার করার দাবিতে আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি প্রতিবাদ সভা আহ্বান করা হয়। শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগও একই স্থানে, একই সময় বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা আহ্বান করে। গতকাল মঙ্গলবার দুই দলই মাইকিং করে এ ঘোষণা দেয়। আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর বলেন, দুটি দল একই স্থানে, একই সময় সভা আহ্বান করায় এলাকার আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনস্বার্থের কথা বিবেচনা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।