‘বেঁচে আছি হাসপাতালে, মরি নাই, শুধু জীবনটাই আছে, কর্মক্ষমতা কিছুই নাই। তেমনি তাঁতের অবস্থাও একই রকম। তাঁত আছে, সুতার মহাজন আছে, কিন্তু তাঁতে সুতা নেই।’ কথাগুলো আক্ষেপের সঙ্গে বলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের তাঁতমালিক সুলতান মাহমুদ। তিনি আরও বলেন, ‘তাঁতব্যবসা এমনই হয়েছে, যেন একজন রোগীকে হাসপাতালে অর্ধমরা অবস্থায় ভর্তি করা হয়েছে। ওষুধ না থাকায় এ রোগীকে আর পুনরায় কর্মক্ষমতার জীবন দেওয়া যাচ্ছে না।’লোকসানের ঘানি টানতে টানতে ক্রমান্বয়ে সিরাজগঞ্জ জেলার তাঁতগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ৪০ ভাগ তাঁত বন্ধ হয়ে গেছে। তাঁতমালিকদের অভিযোগ, এ শিল্পের উপকরণ সুতা ও রঙের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দেড় লাখ শ্রমিক ও ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন। অনেকেই মূলধন হারিয়ে অন্য পেশা বেছে নিয়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি তাঁতমালিকদের অবস্থা শোচনীয় পর্যায়ে নেমে এসেছে।তাঁতব্যবসায়ীদের অভিযোগ থেকে জানা গেছে, এক মাস ধরে তাঁতশিল্পের প্রধান উপকরণ সুতার দাম বেড়েই চলেছে। অন্যদিকে খোলাবাজারে দেশীয় তাঁতের কাপড়ের দাম কমে গেছে। ফলে উত্পাদিত কাপড়ের মূল্য কম পাওয়ায় তাঁতমালিকেরা মূলধন হারাতে শুরু করেছেন। সরেজমিন জেলার শাহজাদপুর, বেলকুচী, এনায়েতপুর, উল্লাপাড়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের তাঁতমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি পাউন্ড সুতার মূল্য প্রকার ভেদে ২০ থেকে ৪৫ টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া রঙের দামও প্রকার ভেদে শতকরা ২৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রতিটি শাড়ি কাপড়ের (৬০ সুতার) উত্পাদিত খরচ ২০০ টাকা পড়লেও বর্তমান বাজারে বিক্রয় করতে হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। ফলে প্রতিটি শাড়িতে ৩০ টাকা করে লোকসান দিতে হচ্ছে। এরপরও শ্রমিকদের শ্রমের টাকা তো আছেই। বাজারে তাঁতমালিকদের বকেয়া থাকার কারণে লোকসান হলেও বকেয়া টাকা আদায় করার জন্য তাঁরা তাঁত চালু রাখতে বাধ্য হচ্ছেন। এ কারণে সুতার মহাজনেরা লাভবান হলেও তাঁতমালিকেরা মূলধন হারাচ্ছেন। ফলে তাঁতিরা স্থানীয় সংস্থা, সমিতি, ব্যাংক ও সুদ ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে টাকা ঋণ নিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ধনি তাঁতিরা তাঁদের উত্পাদিত কাপড় বিক্রি না করে মজুদ করছেন। যে কারণে তাঁদের কোনো অসুবিধা হচ্ছে না। প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ক্ষুদ্র ও মাঝারি তাঁতমালিকেরা তাঁত বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের তাঁতব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘এখানে ১০টি তাঁত চালু ছিল। মহাজনের কাছ থেকে সুতা বাকি নিয়ে জানুয়ারি মাস পর্যন্ত তাঁত চালু রেখেছিলাম। ক্রমান্বয়ে কাপড়ের দাম কমে যাওয়ায়, স্থানীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করি। এরপরও লোকসান হওয়ায় অবশেষে তাঁত বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। পেশা বদল করে বর্তমানে কাঁচামালের ব্যবসা ধরেছি।’সদর উপজেলার রানীগ্রামের আবদুল কাদের জানান, খোলাবাজারে ভারতীয় নিম্নমানের শাড়ি অবাধে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় সুতা সরকারিভাবে আমদানি করা বন্ধ রাখা হয়েছে। দেশীয় সুতার মিলের মালিকেরা ‘দেশীয় শিল্প বাঁচাও’ স্ল্লোগানের নামে বিদেশি সব সুতা সরকারিভাবে আমদানি বন্ধ করে দিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এ সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো সুতার দাম বাড়ানো হচ্ছে। সুতার বান্ডিলের গায়ে বিক্রয় মূল্য লেখার নিয়ম থাকলেও তা তাঁরা মানছেন না। ফলে সুতার ব্যবসায়ীরাও এ সুযোগ ব্যবহার করে ইচ্ছামতো সুতার দাম নিচ্ছেন। আর তাঁতমালিকেরা এই সুতা কিনতে বাধ্য হচ্ছেন। এ জন্য ভারতীয় কাপড় যেহেতু আসছে, সেহেতু সুতাও সরকারিভাবে আমদানি করার সুযোগ দেওয়া হোক। তাহলে মিলমালিকদের সিন্ডিকেট ভেঙে যাবে।শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামের তাঁত শ্রমিক আমজাদ হোসেন বলেন, ‘তাঁত মহাজনের বাড়িতে কাজ করছিলাম। মহাজনের লোকসান হওয়ায়, তাঁর সব তাঁত বন্ধ করে দিয়েছেন। বর্তমানে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি।’এ বিষয়ে সিরাজগঞ্জ সদরের সৈয়দ স্পিনিং কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুর রউফ জানান, ইচ্ছামাফিক কোনো সুতার মূল্য বৃদ্ধি করার প্রশ্নই ওঠে না। সুতার প্রধান উপকরণ তুলা। বর্তমানে প্রতি পাউন্ড তুলার দাম তিন দিনের ব্যবধানে (১২ থেকে ১৫ ফেব্রুয়ারি) ৭৫ সেন্ট থেকে বেড়ে ৯০ সেন্টে ঠেকেছে। এ বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুতার উত্পাদিত মূল্য বেড়ে যাওয়ায় দামও বৃদ্ধি করা হচ্ছে। সুতার মূল্য বাজারে নিয়ন্ত্রণ থাকছে না এবং দামের উল্লেখ নেই কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেসব এজেন্ট মিল থেকে নিয়ে খোলাবাজারে সুতা বিক্রি করেন, তাঁরা শতকরা দুই ভাগ লাভ করেন। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে তদারকি দল কাজ করে যাচ্ছে।’ তবে সুতার গায়ে বিক্রয় মূল্য ভবিষ্যতে লেখা হবে বলে তিনি উল্লেখ করেন।সিরাজগঞ্জ জেলা তাঁতমালিক সমিতির সভাপতি হায়দার আলী জানান, সুতার কলের মালিকদের চালাকির কারণে সুতার মূল্য বৃদ্ধি করা হলেও বাজার নিয়ন্ত্রণে সরকারি কোনো তদারকি নেই। সুতার কলের মালিকেরাই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। ফলে উত্পাদিত পণ্যের দাম বেশি পড়লেও কম মূল্যে সুতা বিক্রয় করতে হচ্ছে। তিনি জেলার প্রায় ৪০ শতাংশ তাঁত বন্ধ হওয়ার কথা উল্লেখ করে বলেন, যেখানে তাঁতিরা মূলধন হারিয়ে পথে বসেছেন, ঠিক সেই মুহূর্তেই সরকারের আয়কর বিভাগের পক্ষ থেকে তাঁতমালিকদের ওপর স্টিমরোলার চালানো হচ্ছে। তাঁতশিল্পের জন্য ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত দুর্যোগের সময়। এ সময় তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সুদমুক্ত ঋণ দেওয়া জরুরি। বর্তমানে কয়েকটি ব্যাংক নির্ধারিত সুদে ঋণ দিলেও এর পরিমাণ খুবই নগণ্য। সুদমুক্ত ঋণসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের পরিধি বৃদ্ধি না করা হলে এ শিল্প একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে।