সিরাজগঞ্জের ৪০ শতাংশ তাঁত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগাতারভাবে সুতার দাম বাড়তে থাকায় সিরাজগঞ্জের তাঁতশিল্প প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এরই মধ্যে জেলার প্রান্তিক ও মাঝারি তাঁতিদের প্রায় ৪০ ভাগ তাঁত বন্ধ হয়ে গেছে। তাঁতিরা অভিযোগ করেছেন, সরকারি নীতিনির্ধারকদের অদক্ষতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।সরেজমিনে জেলার শাহজাদপুর, এনায়েতপুর ও বেলকুচি উপজেলার তাঁতি ও সুতা ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত রমজান মাসের শেষ থেকে চলতি মাস পর্যন্ত সময়ে সুতার দাম হুহু করে বেড়েছে। কিন্তু সে তুলনায় কাপড়ের দাম না বাড়ায় তাঁতিদের লোকসান দিতে হচ্ছে। অনেকেই মূলধন খুইয়ে তাঁত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তাঁতিরা অভিযোগ করেন, সুতার মিলমালিকেরা সিন্ডিকেট করে সুতার দাম বাড়িয়ে চলেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন সুতার মহাজনেরাও। তাঁরা মিল থেকে সুতা কেনার পর মজুদ করে আরেক দফা দাম বাড়াচ্ছেন।এনায়েতপুর থানার খুকনী গ্রামের সুতা ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘গত ঈদে যে দামে সুতা কিনেছিলাম, বর্তমানে তার দাম দ্বিগুণ হয়েছে। এদিকে তখন যে দামে কাপড় বিক্রি হয়েছে, প্রায় এক মাস পরও কিন্তু সেই দামই বিরাজ করছে। ’শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জগতলা গ্রামের আক্তার হোসেন বলেন, ‘বাড়িতে ২১টি তাঁত রয়েছে। রমজানের সময় সব কটি সচল ছিল। গত দেড় মাসে ক্রমাগত সুতার দাম বাড়ায় এ পর্যন্ত ১৬টি তাঁত বন্ধ করে দিয়েছি। বাকি তাঁতগুলোয় যে সুতা লাগানো রয়েছে, তা বুনানো হয়ে গেলে সেগুলোও বন্ধ হয়ে যাবে। আমার মতো অন্য তাঁতমালিকেরাও তাঁদের তাঁত বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ তাঁত বন্ধ হয়ে গেছে।’শাহজাদপুর পৌর শহরের সুতা ব্যবসায়ী তাপস সরকার বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে আমরা সুতা কিনি। যখন যে দামে কিনি, তার সঙ্গে লাভ যোগ করে আমরা বিক্রি করি।’ তিনি সুতার দাম বাড়ার কথা শিকার করে জানান, গত সপ্তাহে ডেলটা ৮০ কাউন্ট সুতার প্রতি বেল্টের দাম ছিল এক হাজার ৭০০ টাকা। এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে দুই হাজার ৭০০ টাকা করে। এভাবে সব ধরনের সুতার দাম বেড়েছে। দেশের মিলমালিকেরা সুতার দাম বাড়িয়েছেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সরকারের তদারকি প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন।সিরাজগঞ্জের সৈয়দ স্পিনিং অ্যান্ড কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সৈয়দ আবদুর রউফ বলেন, ‘সুতার দাম নির্ভর করে তুলার দামের ওপর। বর্তমানে ভারত তুলা রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ ছাড়া পাকিস্তান ও চীনে বন্যার কারণে তুলার আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে তুলা আমদানি বন্ধ রয়েছে। বর্তমানে অতিরিক্ত দামে আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে তুলা আমদানি করছি।’ তুলার দাম বৃদ্ধি সম্পর্কে তিনি উদাহরণ টেনে বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাত থেকে ২৮ সেপ্টম্বর পর্যন্ত মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তুলার দাম প্রতি টনে ৯০ ডলার বেড়েছে।শাহজাদপুর ইয়ার্ন মার্সেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হাকিম জানান, সুতার দাম বাড়ায় মূলত প্রান্তিক ও মাঝারি তাঁতিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধনী তাঁতিরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কাপড় বানানোয় লাভবান হচ্ছেন। প্রান্তিক ও মাঝারি তাঁতিদের ঋণ দিয়ে সহায়তা করা দরকার বলে তিনি মত প্রকাশ করেন।বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি হায়দার আলী জানান, সরকারের মন্ত্রীদের তদারকি না থাকায় এবং কর্মকর্তাদের অদক্ষতায় বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ নিয়ে কারও চিন্তা নেই। সুষ্ঠুভাবে নজরদারি রাখলে সমস্যাটা এড়ানো সম্ভব। সরকারি নীতিনির্ধারকদের অদক্ষতায় জেলার প্রায় চার লাখ তাঁতের ৪০ ভাগই বন্ধ হয়ে গেছে।