সিরাজদিখানে পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ৪
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তুলসীখালি গ্রামে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামিপক্ষের সঙ্গে সংঘর্ষে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান পরে উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যদের ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রোববার সকাল নয়টার দিকে পুলিশ আসামি আফিলউদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পুলিশ তুলসীখালি বাজার থেকে আফিলউদ্দিনকে গ্রেপ্তার করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে হামলা করে আসামি ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিমল কুমার, হাবিলদার গিয়াসউদ্দিন, কনস্টেবল হূদয় হোসেন ও রাসেল মাহমুদ গুরুতর আহত হন। পুলিশের কাছে থাকা একটি শটগান এলাকাবাসী ছিনিয়ে নেয়। গুরুতর আহত পুলিশ সদস্যদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সংবাদ পেয়ে মুন্সিগঞ্জের এসপি শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও র্যাব সদস্য ঘটনাস্থলে আসেন।শ্রীনগর সার্কেলের এএসপি সাইফুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খোয়া যাওয়া শটগানটি গ্রামে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।অন্যদিকে পুলিশ-জনতা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঢাকা-নবাবগঞ্জ সড়কের তুলসীখালি সেতু এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।