সিরামিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের হোতাপাড়ায় সানপাওয়ার সিরামিক কারখানায় গতকাল সোমবারের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতে মোশারফ হোসেন (৩০) এবং আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদ আলী (৩২) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এর আগে একই দুর্ঘটনায় আহত রফিকুল ইসলাম প্রাণ হারান।ঢাকা মেডিকেলের বার্ন বিভাগ সূত্র জানিয়েছে, চিকিত্সাধীন বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের শরীরের ৪০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এম নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তাইওয়ান থেকে বিশেষজ্ঞ দল আসছে। তাদের সঙ্গে থাকবেন কারখানার জন্য মেশিন প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি।কারখানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে আহত ব্যক্তিদের দেশের বাইরে চিকিত্সা দেওয়া হবে।উল্লেখ্য, গতকাল সকালে শত ভাগ তাইওয়ান বিনিয়োগে নির্মিত সানপাওয়ার সিরামিক কারখানার হাইড্রোলিক চাপে লোহার ছাঁচ (ডাইস) তৈরি বিভাগে গ্যাসের সিলিন্ডার ও তেলের আধার বিস্ফোরণে ছয়জন শ্রমিক-কর্মচারী গুরুতর দগ্ধ হন।