সিরিজ জয়ের উল্লাস দেশজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণে ক্ষণে উত্কণ্ঠা ছিলও, ছিলও উদ্বেগ। কিন্তু সব উবে গিয়ে দেশজুড়ে এখন কেবলই উচ্ছ্বাস-উল্লাস-আনন্দ। এ আনন্দ ক্রিকেটের। এ আনন্দ বাংলাদেশের। এ আনন্দ সাহারা কাপের শেষ-ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের। বিজয়ের মাস ডিসেম্বরে ক্যারিবীয়দের হারিয়ে অসাধারণ এই জয় এনে দিয়েছে বাংলাদেশের টাইগাররা। আজ রাতেই শেরেবাংলা স্টেডিয়াম থেকে আনন্দের এই বার্তা ছড়িয়ে পড়ে ঢাকার সব রাস্তায়। নাসিরের ব্যাটের সর্বশেষ বাউন্ডারির মাধ্যমে বিজয় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্ররা বেরিয়ে আসে রাজপথে। শীতের রাতে টিএসসি হয়ে উঠে উত্সবের মিলনমেলা। লাল সবুজের পতাকা জড়িয়ে স্লোগানে স্লোগানে কেবল একটাই শব্দ—বাংলাদেশ। জয় বাংলা। খেলা-শেষে টিএসসিতে আনন্দরত সুজন মণ্ডল, মোহাব্বত আলী, ফরহাদ উদ্দিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র প্রথম আলো ডটকমকে বলেন, সিরিজ জয়ের এই আনন্দ অসাধারণ। ডিসেম্বর মাসে এই বিজয় এনে দেওয়ার জন্য টাইগারদের ধন্যবাদ। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সিরিজ জয়ের এই আনন্দ ছিল ঢাকার বিভিন্ন এলাকায়। বিশেষ করে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে যারা খেলা দেখতে গিয়েছিলেন তারা ফিরেছেন চরম আনন্দ নিয়ে। আর তাই খেলা শেষেও স্টেডিয়ামের সামনে ছিলও মানুষের ভিড়। আর যারা সন্ধ্যার পর ঘরে ঘরে টিভি পর্দার সামনে ছিলেন তাদের গতকাল কেটেছে তীব্র উত্তেজনায়। সবার মনে একটাই প্রশ্ন—বাংলাদেশ জিতবে তো? খুব দ্রুত পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর অনেকেই আশঙ্কায় ছিলেন জয় নিয়ে। কিন্তু মাহমুদুল্লাহ আর সোহাগ গাজীর ব্যাট থেকে এক একটি রান আসে আর উল্লাস ভেসে আসে বাসা-বাড়ি থেকে। আর চার হলে তো কথাই নেই। তবে এই দুই ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়ার পর যে উদ্বেগ সেটি উড়িয়ে দেন নাসির। আর তাই টেকনাফ থেকে টেক্সাস, তেঁতুলিয়া থেকে অষ্ট্রেলিয়া যেখানেই বাংলাদেশিরা আছেন সবাই মেতেছেন আনন্দ উৎসবে।