সিরিজ বাঁচানোর সুযোগ, কিন্তু...
স্কোরলাইনটা এবার নতুন। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে যেটি ২-০ থাকাটাই ছিল ‘নিয়ম’, এবার তা ১-০। এই প্রথম সিরিজের শেষ ম্যাচটি ‘মৃত’ নয়। শ্রীলঙ্কা এখনো সিরিজ জেতেনি। বাংলাদেশের সুযোগ আছে সিরিজ ড্র করার।শ্রীলঙ্কান নির্বাচকেরা অন্য রকম ভেবে রেখেছিলেন। হাম্বানটোটাতেই সিরিজের মীমাংসা হয়ে যাবে। ক্যান্ডির শেষ ম্যাচটা হবে বাকিদের দেখার সুযোগ। অ্যাঞ্জেলো ম্যাথুস সংবাদ সম্মেলনে স্বীকার করলেন, ‘হ্যাঁ, এমন একটা চিন্তা ছিল। কিন্তু আমরা তো এখনো সিরিজ জিতিনি। ভালোই হলো, এটাও একটা চ্যালেঞ্জ।’সনাৎ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দায়িত্ব নিয়েই নতুনের জয়গান গাইতে শুরু করেছে। নতুন দুই অধিনায়কের নেতৃত্বে নতুন পথে যাত্রা। টেস্ট-ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেও যে ধারা অব্যাহত। কাল ঘোষিত শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নতুন মুখ ৫টি।বাংলাদেশ দলের অবস্থাটা এমনই যে শ্রীলঙ্কা দলে কী হচ্ছে না হচ্ছে সেটি ভাবার অবকাশই মিলছে না। চোট-আঘাতে বিপর্যস্ত এক দল। শতচ্ছিন্ন কাঁথায় তালি দিতে দিতে আর তালি দেওয়ার জায়গাই নেই। ‘তালি’ বেশি দিতে হচ্ছে পেস বোলিংয়ে। যে জিয়াউর রহমান অনেক দিনই পেস বোলার থেকে ব্যাটিং অলরাউন্ডারে রূপান্তরিত, দ্বিতীয় ম্যাচে তাঁর হাতেই নতুন বল। আজও তা-ই থাকছে। তবে অন্য প্রান্তে সঙ্গী সম্ভবত বদলাচ্ছে। প্রথম ম্যাচে ৫ ওভারে ৪৪ রান দিয়েছিলেন রুবেল। বৃষ্টি নামার আগে দ্বিতীয় ম্যাচে ৩ ওভারে ২০। এর পর তাঁকে বসিয়ে দেওয়াটা খুবই যৌক্তিক। কিন্তু তাঁর বিকল্প কিনা শাহাদাত হোসেন! ৫০ ম্যাচে যাঁর ৪৬ উইকেট এসেছে ৪৫.০৪ গড়ে। ওভারপ্রতি রান ৫.৮১। সর্বশেষ ওয়ানডে খেলেছেন প্রায় এক বছর আগে এশিয়া কাপে। উইকেট কখনো পেয়েছেন, কখনো পাননি। তবে রান দেওয়ার ক্ষেত্রে ‘দাতা হাতেম তাই’ পরিচয়ের কোনো ব্যত্যয় ঘটেনি।রুবেলকে বাদ দিলে আর কোনো বিকল্পও নেই। প্রথম ম্যাচে বেধড়ক পিটুনি খাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই বসিয়ে দেওয়া হয়েছিল আবুল হাসানকে। তিনি আবার পিঠে সমস্যা বোধ করছেন। সমস্যাটা গুরুতরও হতে পারে। যেটির উত্তর মিলবে দেশে ফেরার পর এমআরআই করার পর।শ্রীলঙ্কায় এসে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ ড্র করার সুযোগের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটাও তাই উঠে যাচ্ছে—এটাই কি বাংলাদেশের ইতিহাসে দুর্বলতম ওয়ানডে দল? অবশ্যই নয়। এই শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে একসময় বাংলাদেশ কোনোমতে ৫০ ওভার টিকে থাকার লক্ষ্য নিয়ে নামত। রান-টানের মতো তুচ্ছ বিষয় নিয়ে একদমই কেউ ভাবত না। ‘দুর্বলতম দল’-এর প্রসঙ্গটা এখানে তাই ভিন্ন মানদণ্ড দাবি করছে। ভালো করুক-খারাপ করুক, জিতুক-হারুক—বাংলাদেশ মাঠে নেমেছে সম্ভাব্য সেরা দল নিয়েই। কিন্তু এবার দলে বড় বড় সব ‘গর্ত’! কোনোটির নাম সাকিব আল হাসান। কোনোটির তামিম ইকবাল। কোনোটির বা মাশরাফি বিন মুর্তজা। যে নাজমুল কোনো দিন দলে নিয়মিত হতে পারেননি, তাঁকে নিয়েও এখন আক্ষেপের শেষ নেই! ‘আহা, নাজমুলটা থাকলেও তো হতো!’বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে মজার একটা ব্যাপার আছে। বড় বড় সাফল্য এসেছে গুরুত্বপূর্ণ কোনো না কোনো খেলোয়াড়কে ছাড়াই। ২০১০ সালে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করায় তামিমের কোনো ভূমিকা ছিল না। সাকিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ে ছিলেন না দুজনের কেউই। একজন নেই তো আরেকজন দাঁড়িয়ে যাওয়ার এই গল্পে কি নতুন কোনো অধ্যায় যোগ হতে যাচ্ছে এখানে?হতে পারে। স্যার ডনের ৯৯.৯৪ ব্যাটিং-গড়ের রেকর্ড ভেঙে যাওয়া ছাড়া ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। তা ছাড়া শ্রীলঙ্কা দলও তো খুব চাপে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে না পারলে ‘গেল, গেল’ রব উঠবে। এর সঙ্গে যোগ হয়েছে আইপিএল নিয়ে ঘোর বিতর্ক। চেন্নাইয়ে শ্রীলঙ্কান খেলোয়াড়দের নিষিদ্ধ করার পর অর্জুনা রানাতুঙ্গা ‘অর্থের চেয়ে গৌরব’টাকে বেশি মূল্য দিয়ে আইপিএল বয়কট করার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটারদের প্রতি। বলার জন্যই বলা। ম্যাথুস-জয়াবর্ধনে-সাঙ্গাকারারা সেই আহ্বানে সাড়া দিলে রানাতুঙ্গা নিজেই হয়তো মূর্ছিত হয়ে পড়ে যাবেন।কাল দুপুরের সংবাদ সম্মেলনে অ্যাঞ্জেলো ম্যাথুসকে পর দিনের ম্যাচের চেয়ে আইপিএল নিয়েই বেশি প্রশ্নের উত্তর দিতে হলো। একপর্যায়ে মিডিয়া ম্যানেজারকে বাধ্য হয়ে বলতে হলো, ‘প্লিজ, শুধু কালকের ম্যাচ নিয়েই প্রশ্ন করুন।’ ম্যাথুস সব প্রশ্নই এড়িয়ে গেলেন। দাবি করলেন, তিনি এবং তাঁর শ্রীলঙ্কান সতীর্থরা শুধুই বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচটা নিয়ে ভাবছেন। আইপিএল তাঁদের মাথায়ই নেই। বললেন এবং কেউ বিশ্বাস করল না।পেস বোলিং নিয়ে দুশ্চিন্তাটা আরও বড় হয়ে যাচ্ছে দুটি কারণে। প্রথমত, শ্রীলঙ্কান ইনিংসের শুরুতেই পুরোনো দিলশান আর নতুন কুশাল পেরেরার মাভৈ রব। দ্বিতীয়ত, পেসারবান্ধব বলে পরিচিতি পাল্লেকেলের উইকেটে বাংলাদেশ নামছে কিনা স্পিনের ওপর ভরসা করে। প্রথম ম্যাচে চতুর্থ ওভারেই আক্রমণে আসতে হয়েছে রাজ্জাককে। ৭ ওভার পর থেকে দুই দিক থেকেই স্পিন। যা মনে করিয়ে দিচ্ছে বিখ্যাত স্পিন কোয়ার্টেটের যুগে ভারতের কথা। বল একটু পুরোনো করতেই শুধু পেসাররা দুই-তিন ওভার হাত ঘোরাতেন। হাত ঘোরানোই, নইলে কি আর সুনীল গাভাস্কার পর্যন্ত একবার বোলিং ওপেন করেন!এসব ভারতের মাটিতে স্পিনসহায়ক উইকেটে টেস্ট ম্যাচের কথা। এখানে পেসবান্ধব উইকেটে ওয়ানডে। দুই দিক থেকেই আবার নতুন বল। বাংলাদেশের সামনে সার ধরে প্রতিকূলতার মুখ ভেঙচি। না, এই ম্যাচে কিছু করে ফেলতে পারলে সেটিকে অলৌকিক বলেই মানতে হবে!