সিরিয়া-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি এলাকায় সিরিয়ার মর্টার শেল এসে পড়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার পাল্টা ট্যাংক হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ওই মুখপাত্র দাবি করেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সীমান্ত চৌকিতে হামলা চালায় সিরিয়া। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এর জবাবে আক্রমণকারীদের লক্ষ্য করে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।সেনাবাহিনী সূত্র জানায়, গতকাল সকালে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে গোলান মালভূমিতে একটি মর্টার শেল এসে পড়ে। তবে মর্টারটি লড়াইয়েরই অংশ ছিল, নাকি উদ্দেশ্যমূলকভাবে ছোড়া হয়েছে, তা পরিষ্কার নয়। এটি আসাদ বাহিনী ছুড়েছে, নাকি বিদ্রোহীরা, তা-ও স্পষ্ট নয়।মর্টার শেলটি ইসরায়েলি বসতির কাছে একটি খোলা জায়গায় এসে পড়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগেও ইসরায়েল অধিকৃত এ অঞ্চলে শেল এসে পড়ার ঘটনা ঘটেছে। এবারের মতো আগেও কয়েকবার ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে।১৯৬৭ সালে আরব বিশ্বের সঙ্গে যুদ্ধে জয়লাভের পর ইসরায়েল-সিরিয়া সীমান্তবর্তী গোলান মালভূমি দখল করে ইসরায়েল।এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ক্ষমতাসীন হামাস কর্তৃপক্ষ বলেছে, গত বছর নভেম্বরে দুই দেশের মধ্যেকার আট দিনব্যাপী চলা যুদ্ধের পর একটি অস্ত্রবিরতি হয়েছিল। এরপর এটিই প্রথম হামলার ঘটনা।হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের একটি ফাঁকা জায়গায় বিমানে করে বোমা হামলা করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।