সিরিয়াকে জবাব দিল ইসরায়েল
ইসরায়েল গোলান মালভূমি এলাকায় সিরিয়ার সেনা চৌকির ওপর ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের ওপর সিরিয়ার হামলার জবাবে এ হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে গতকাল শনিবার ও আজ রোববার ১২ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলে দ্বিতীয়বারের মতো হামলা চালায় সিরিয়া।আল জাজিরা জানায়, ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী মোসে ইয়ালোন ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার হামলার ‘তাত্ক্ষণিক’ জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। তিনি এ হামলার জন্য সিরীয় সরকারকে দায়ী করেছেন।এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলের সার্বভৌমত্বের ওপর সিরিয়া থেকে হামলার সমুচিত জবাব দেওয়া হবে। ইসরায়েলের পাল্টা হামলার কিছুক্ষণ পর মোসে ইয়ালোনের বিবৃতি প্রকাশ করা হয়।মোসে ইয়ালোন আরও বলেন, ইসরায়েলি এলাকায় সিরিয়ার হামলার বিষয়টি তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘনের সব ধরনের প্রচেষ্টার পেছনে সিরীয় সরকারের হাত আছে। ইসরায়েলি এলাকায় সিরীয় সেনাবাহিনী বা আর কারও হামলা তাঁরা বরদাস্ত করবেন না।তবে ইসরায়েলের ওপর ওই হামলা সিরিয়ার সেনাবাহিনী, নাকি সরকারবিরোধীরা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছিলেন, শনিবার গোলান মালভূমির দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর গাড়ির ওপরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।