সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ সোমবার রয়টার্স জানায়, বিস্ফোরণের পর সেখানে বেশ কয়েকটি গাড়ি জ্বলতে দেখা যায়। বিস্ফোরণে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়।সাবাহ বারাত এলাকার এক বাসিন্দা বলেন, প্রচণ্ড শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। রয়টার্স জানায়, গাড়িবোমাটি সাবাহ বারাত এলাকার একটি স্কুলের পাশে বিস্ফোরিত হয়। ওই এলাকায় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় রয়েছে। বোমার বিস্ফোরণে ৫৩ জন আহত হয়েছেন।স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহীরা জানান, বোমা বিস্ফোরণের পর তাঁরা ওই এলাকায় গুলির শব্দ ও অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শুনেছেন। তবে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পোঁছানোর সুবিধার্থে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, সাতজনের মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে। অগ্নিনির্বাপণের কর্মীরা জ্বলন্ত গাড়িগুলোর আগুন নেভানোর চেষ্টা করছেন। রয়টার্স জানায়, তাত্ক্ষণিকভাবে বোমা হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে অভিযোগ করে বলা হয়, হামলাটি করেছে ‘সন্ত্রাসীরা’। সিরীয় সরকার ‘সন্ত্রাসী’ শব্দটি বিদ্রোহীদের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তবে বিরোধীরা এ হামলার জন্য সরকারকে দায়ী করেছে। রয়টার্স জানায়, দুই বছর ধরে বাশার আল আসাদের সরকারি বাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছে।