সিরিয়ায় দমন-নিপীড়ন অগ্রহণযোগ্য: ওবামা (ভিডিও)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারের অব্যাহত দমন-নিপীড়নের নিন্দা জানিয়ে বলেছেন, এটা ‘অগ্রহণযোগ্য’।হোয়াইট হাউসে গতকাল মঙ্গলবার জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে ওবামা এ কথা বলেন। এ সময় ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে আবারও আহ্বান জানান। বৈঠকে প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে সমর্থন করায় জর্ডানকে ধন্যবাদ জানান। ওবামা বলেন, ‘দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, সিরিয়ায় আমরা অব্যাহতভাবে অগ্রহণযোগ্য সহিংসতা দেখছি। তাই সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আন্তর্জাতিক চাপ ও পরিবেশ সৃষ্টি করতে আমরা জর্ডানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।’ জাতিসংঘ কর্মকর্তারা গত মাস থেকে বলে আসছেন, সিরিয়া গত ১০ মাস ধরে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। আর সরকার বলছে, সহিংসতায় নিরাপত্তা বাহিনী দুই হাজার সদস্য নিহত হয়েছে। রয়টার্স।