সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ২০
সিরিয়ার বিভিন্ন শহরে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর হামলায় কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।এক সপ্তাহের মধ্যে অস্ত্রধারীরা অবস্থান পরিবর্তন করলে তাদের সাধারণ ক্ষমা করা হবে, আসাদ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়ার দিনই দেশটিতে হতাহতের ঘটনা ঘটল। গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের উদ্দেশে বলেছে, যারা অবস্থান পরিবর্তন বা আত্মসমর্পণ করবে, তাদের দ্রুত ছেড়ে দেওয়া এবং সাধারণ ক্ষমা করা হবে। তবে সরকারের এ ডাকে বিরোধীদের সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল জুমার নামাজের পর সিরিয়া জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। মূলত এ সময়ই প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। মানবাধিকার সংস্থা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে দামেস্কোর কানাকার জেলায় চার বেসামরিক ব্যক্তি, দামেস্কোর কাছে হুমৌরিয়াতে একজন, হামায় দুজন, সীমান্ত অতিক্রম করে জর্ডানে পালানোর সময় দুজন, হোম শহরের বাব আমরো এলাকায় ছয় জন নিহত হয়েছে। এ ছাড়া অপর নিহতদের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে সিরিয়ায় গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর হাতে ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ আরব লিগের পরিকল্পনা অনুযায়ী শান্তিচুক্তি রক্ষা করতে সত্যিই আগ্রহী কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।