সিরিয়ায় নিহত ৬০ হাজার
সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া চলমান সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গতকাল বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসির অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের যুদ্ধবিমান থেকে রাজধানী দামেস্কের একটি পেট্রলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই হামলায় ৭০ জনের বেশি লোক নিহত হয়। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থার প্রধান নাভি পিল্লাইয়ের তত্ত্বাবধানে প্রকাশিত ওই প্রতিবেদনে সাতটি সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে। সেখানে দেখা যায়, ২০১২ সালের নভেম্বর পর্যন্ত ৫৯ হাজার ৬৪৮ জন নিহত হয়েছে। ‘প্রিলিমিনারি স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস অব ডকুমেন্টেশন অব কিলিং ইন সিরিয়া’ শিরোনামে জাতিসংঘের ওই প্রতিবেদনে সরকারি ও বিরোধী দলগুলোর সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে।২০১২ সালের মার্চ পর্যন্ত সরকারি হিসেবে দুই হাজার ৫৩৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। সিরিয়ার বিরোধী দলগুলোর আগের এক তথ্যে ৪৫ হাজার লোক নিহত হওয়ার কথা বলা হয়।নিহত ব্যক্তিদের মধ্যে কতজন বিদ্রোহী, কতজন সেনাসদস্য বা বেসামরিক লোক রয়েছে, তা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে ৭৬ শতাংশই পুরুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো দামেস্কের প্রত্যন্ত এলাকা ও হোমস প্রদেশ। নাভি পিল্লাই বলেন, ‘নিহতের এ সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম, এর চেয়ে নিহত ব্যক্তির সংখ্যা অনেক বেশি। এটি সত্যিই মর্মান্তিক।’পিল্লাই বলেন, দুই পক্ষের সংঘর্ষের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটছে। তিনি সতর্ক করেন, এ ধরনের সংঘাত বৃদ্ধির ফলে সন্তোষজনক সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।