সিরিয়ায় বাঁচব, সিরিয়াতেই মরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াতে থাকা এবং সেখানেই মৃত্যুবরণ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আজ বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। আসাদ বলেন, ১৯ মাস ধরে তাঁর বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহ চললেও তিনি কোনো অবস্থাতেই সিরিয়া ছেড়ে পালাবেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আসাদকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেওয়ার দুদিন পর উল্লিখিত মন্তব্য করলেন সিরীয় প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি পুতুল নই। আমি পশ্চিমাদের তৈরি নই যে আমাকে পশ্চিমে গিয়ে থাকতে হবে।’ ইংরেজিতে দেওয়া আসাদের ওই সাক্ষাত্কারের অংশবিশেষ রুশ টেলিভিশনের ওয়েবসাইটে প্রচার করা হয়। একই সঙ্গে আসাদের বক্তব্যকে আরবিতে ভাষান্তরও করা হয়। সাক্ষাত্কারে সিরিয়ায় বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন আসাদ। তিনি বলেন, ‘আমি মনে করি পশ্চিমারা এখনো এটি চাইছে না। সত্যিই তাঁরা যদি এমনটি করে, তবে এর পরিণতি হবে ভয়াবহ।’ সাক্ষাত্কারের অংশবিশেষে আসাদকে সাদামাটা ভাষায় কথা বলতে দেখা গেছে। বক্তব্যের পর তাঁকে ওই টেলিভিশনের প্রতিবেদকের সঙ্গে একটি বাড়ি থেকে বের হতে দেখা গেছে। এ সময় ধূসর বর্ণের স্যুট ও টাই পরেছিলেন তিনি। তবে ঠিক কোন জায়গায় তিনি সাক্ষাত্কার দিয়েছেন, সে ব্যাপারটি স্পষ্ট নয়।