সিরিয়ায় লড়ছেন সাড়ে পাঁচ হাজার বিদেশি যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারকে হটানোর যুদ্ধে দুই হাজার থেকে সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর প্রায় ৫৯০ জন ইউরোপীয় নাগরিক বিদ্রোহী দলগুলোতে নাম লিখিয়েছেন। তবে বর্তমানে সর্বোচ্চ ৪৪১ জন ইউরোপীয় যুদ্ধে সক্রিয় আছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অব র্যাডিকালাইজেশনের (আইসিএসআর) এক প্রতিবেদনে সম্প্রতি এসব তথ্য প্রকাশ করা হয়েছে।আইসিএসআর লন্ডনের কিংস কলেজ, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, ইসরায়েলের ইনটারডিসিপ্লিনারি সেন্টার হার্জলিয়া, জর্ডানের ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি এবং যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কাজ করে থাকে। আইসিএসআরের বরাতে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে আজ শনিবার বলা হয়, দেশটিতে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের ৭ থেকে ১১ শতাংশ ইউরোপীয়।লন্ডনে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮-এর সম্মেলনে গতকাল শুক্রবার তোলা এক নথিতে বলা হয়, সিরিয়া এখন বিদেশি সন্ত্রাসীদের অভয়ারণ্য। আইসিএসআর বলছে, সিরিয়া সম্পর্কিত কয়েকটি অনলাইন জিহাদি ফোরামে প্রকাশিত খবর থেকে ৪৫০ জন বিদেশি সেনার শহীদ হওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে। সিরিয়ার গৃহযুদ্ধে যে সাড়ে পাঁচ হাজার বিদেশি যোদ্ধা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে ইউরোপের ব্রিটেন থেকে গেছে ১৩৪ জন, নেদারল্যান্ড থেকে ১০৭ জন, ফ্রান্স থেকে ৯২ জন, বেলজিয়াম থেকে ৮৫ জন, ডেনমার্ক থেকে ৭৮ জন, জার্মানি থেকে ৪০ জন, আয়ারল্যান্ড থেকে ২৬ জন, ফিনল্যান্ড থেকে ১৩ জন, স্পেন থেকে ছয়জন এবং সুইডেন থেকে পাঁচজন। এ ছাড়া, ইউরোপের আলবেনিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া ও কসোভো থেকে কমপক্ষে একজন করে সিরিয়ায় যুদ্ধ করতে গেছেন। কিংস কলেজের অধ্যাপক পিটার নিউম্যান ও ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির গবেষক আরন ওয়াই জেলিন যৌথভাবে সিরিয়ার বিদ্রোহী দলগুলোতে সক্রিয় বিদেশি সেনাদের ওপর পূর্ণাঙ্গ সমীক্ষা চালান। ওই সমীক্ষা থেকে এটিও বোঝা গেছে যে, কীভাবে সিরিয়ার সংঘাত বিশ্বের মুসলমানদের সংগঠিত হতে ভূমিকা রাখছে।