সিরিয়ায় সংঘর্ষে নিহত ৬৩
সিরিয়ায় গতকাল মঙ্গলবার সেনা ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ ও সেনা অভিযানে ৬৩ জন নিহত হয়েছে। আজ বুধবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এদিকে সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলোর একক জোটকে গতকাল স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ গতকাল প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত ঘোষণা দেন। গত রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলো ‘ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস বা সিরিয়ান রেভল্যুশন’ নামের একক একটি জোট গঠন করে। আসাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে এই জোট গঠন করা হয়েছে। দেশটির মধ্যপন্থী ধর্মীয় নেতা মুয়াজ আল খতিবকে এ জোটের প্রধান করা হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সিরিয়াজুড়ে গতকালের সহিংসতায় নিহত ব্যক্তিদের মধ্যে ২৯ জন বেসামরিক ব্যক্তি, ১১ জন সেনা ও ২৩ জন বিদ্রোহী রয়েছে। এর মধ্যে রাজধানী দামেস্কে ৪১ জন নিহত হয়।বিদ্রোহীদের বিরুদ্ধে ট্যাংক ও বিমান ব্যবহার করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনারা। অপরদিকে বিদ্রোহীরাও সেনাদের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার করেছে।কোনো নিরপেক্ষ সূত্র থেকে এই প্রাণহানির খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।