সিরিয়ায় সামরিক শক্তি বন্ধের আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার বেসামরিক মানুষের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের তথ্য দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার ক্রমবর্ধমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দেশটির বেসামরিক লোকদের বিরুদ্ধে সামরিক শক্তি দ্রুত বন্ধ করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ওই বিবৃতিতে আরও বলা হয়, বান কি মুন বেশ কয়েক মাস ধরেই প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু আসাদ কথা বলার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছিলেন। অবশেষে গতকাল তিনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা বলেন। সিরিয়ায় বেসামরিক লোকদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আসাদের প্রতি দেশটিতে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ারও আহ্বান জানান। সিরিয়ায় গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভ চলছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনা অভিযানে এ পর্যন্ত প্রায় দুই হাজার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে।