সিরিয়ায় সামলে উঠতে পারছে না রেড ক্রস
সিরিয়ার ক্রমাগত সাংঘর্ষিক ও সহিংস পরিস্থিতিতে সব আহত ও দুর্গত মানুষকে সেবা দিতে পেরে উঠছে না রেড ক্রস।রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সভাপতি পিটার মৌরের আজ বৃহস্পতিবার বলেছেন, ‘দেশটিতে সহিংসতার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে। জনগণের জন্য সাহায্য প্রয়োজন এমন অনেক জায়গায় এখনো কোনো সাহায্য পৌঁছায়নি।’ মৌরের বলেন, সংঘর্ষের কারণে অনেক বেশি হতাহতের ঘটনা ঘটছে এবং রেড ক্রসের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। অগণিত মানুষ চিকিত্সা পাচ্ছে না। আলেপ্পোর মতো যেসব শহরে তুমুল সংঘর্ষ হচ্ছে, সেখানেও সেবা দেওয়ার জন্য ঢুকতে পারছে না রেড ক্রস। তিনি বলেন, সংস্থাটি গত সপ্তাহ থেকে হোমস শহরে আহত লোকজনকে চিকিত্সা দেওয়া শুরু করেছে। একে তিনি একটি বড় সাফল্য হিসেবে দেখছেন।বিবিসি বলছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর রেড ক্রসই একমাত্র আন্তর্জাতিক সংগঠন, যা যুদ্ধাহত লোকজনকে সহায়তা দিচ্ছে। মৌরের বলেন, সংঘাতের প্রকৃতির কারণে রেড ক্রস স্থায়ী পরিকল্পনা করতে পারছে না এবং বাধ্য হয়ে দিনের পরিকল্পনা দিনেই করতে হচ্ছে। সিরিয়া পরিস্থিতি নিয়ে আগামীকাল সুইজারল্যান্ডের জেনেভায় এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন জাতিসংঘের কর্মকর্তা এবং দাতা সংস্থাগুলো। এই সভার আগের দিন মৌরের সাংবাদিকদের এসব কথা বললেন।এদিকে সিরিয়ার সরকারবিরোধী জোট কাতারে সম্মেলনে চালিয়ে যাচ্ছে। নতুন নেতৃত্ব নির্ধারণের জন্য আলোচনা চলছে বলে জানিয়েছে বিবিসি। গতকাল সিরিয়ার একটি চিকিত্সা দল দাবি করেছে, বিদেশি চিকিত্সা সহায়তার ৯৫ শতাংশ সরকারি বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। অভিযোগ নাকচ করে রেড ক্রস বলেছে, ‘ওই অভিযোগ ভিত্তিহীন।’