সিরিয়ায় সেনা অভিযানে নিহত ১৪০
সিরিয়ার বিভিন্ন শহরে গতকাল বুধবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের অভিযানে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। দেশটির সরকার-বিরোধীদের সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটির (এলসিসি) দাবির বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।প্রত্যক্ষদর্শী ও বিরোধীরা দাবি করেছেন, হামা প্রদেশের কুবাইর ও মারজাফ গ্রামে সেনা অভিযানে কমপক্ষে ৮৬ জন বেসামরিক লোক নিহত হয়। এর মধ্যে প্রায় ৪০ জন নারী ও শিশু।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, ওই গ্রাম দুটিতে সন্ত্রাসী হামলার পর সেখানে বেশ কিছু লাশ পাওয়া গেছে।গ্রাম দুটি হামা থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সেনাসদস্যরা ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে ওই গ্রাম দুটিতে অভিযান চালান। লোকাল কো-অর্ডিনেশন কমিটি দাবি করেছে, কেবল কুবাইর গ্রামেই ৭৮ জনকে হত্যা করা হয়। এর মধ্যে এক পরিবারের ৩৫ জন সদস্য রয়েছে।