সিরিয়ায় হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে হোমস
সিরিয়ার যুদ্ধ-কবলিত হোমস শহরের উপকণ্ঠে জোবার জেলায় নিরাপত্তা বাহিনীর হামলায় বহু লোক নিহত হয়েছে। লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) এ কথা জানিয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, আন্দোলনকারীরা এ হত্যাকাণ্ডকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। জাতিসংঘের মানবতাবাদী সংগঠনের প্রধান ব্যারোনস ভ্যালেরি আমোসের হোমস শহর পরিদর্শনের এক দিন পরই এ সহিংসতা ঘটার দাবি করা হয়। এদিকে সিরিয়ার তেল ও খনিজ সম্পদ-বিষয়ক উপমন্ত্রী আবদুল হুসামেদ্দিন পদত্যাগ করে প্রেসিডেন্ট বাশার-আল আসাদবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি ক্ষমতাসীন বাথ পার্টি থেকে সরে সিরিয়ার জনগণের মহান বিপ্লবী আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেন। গত এক বছর ধরে সিরিয়ায় চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে প্রেসিডেন্ট আসাদের পক্ষ ত্যাগকারীদের মধ্যে তিনি হলেন সবচেয়ে বড় মাপের বেসামরিক কর্মকর্তা।বলা হচ্ছে, এটি একটি প্রতিঘাতমূলক হত্যাকাণ্ড। গত কয়েক সপ্তাহ জুড়ে বাবা অমর এলাকায় দেশটির সরকারি বাহিনীর প্রচণ্ড গোলা বর্ষণে ওই এলাকায় জানমালের ব্যাপক ক্ষতি হয়। এরপর আসাদপন্থীরা ওই এলাকা থেকে বিরোধীদের হটিয়ে দখল নিতে তত্পর হয়। জাতিসংঘের হিসাব মতে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী গত এক বছরে সাড়ে সাত হাজারেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে।