সিরিয়ার আলেপ্পোতে রকেট হামলায় নিহত ২৯
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে গতকাল শুক্রবার রকেট হামলার ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল এ খবর প্রকাশ করে। নিজের এলাকার পার্শ্ববর্তী আরদ আল হামরা পরিদর্শন শেষে মানবাধিকারকর্মী বারা আল-ইউসেফ স্কাইপেতে রয়টার্সকে জানান, ‘১০ জনের একটি পরিবারের সদস্যরা বিধ্বস্ত ঘরবাড়ির নিচে চাপা পড়ে আছে। রকেট হামলায় বিধ্বস্ত ঘরবাড়ির নিচে কবর হয়েছে বহু মানুষের। এই ভয়াবহ দৃশ্য বর্ণনা করার মতো নয়।’ সিরিয়ার কয়েকজন মানবাধিকারকর্মীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনে আগুন জ্বলছে। আহত ব্যক্তিদের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। মধ্যরাতে ধারণ করা এসব ভিডিও ফুটেজে হামলার ভয়াবহতা ঠিকমতো বোঝা যাচ্ছে না। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার রামি আবদুল রহমান বলেন, তিনটি বিস্ফোরণে আলেপ্পো কেঁপে ওঠে। এতে কমপক্ষে ২৯ জন নিহত ও দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি রকেটের হামলায় ৩০টি বাড়ি একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।