সিরিয়ার পুলিশ একাডেমিতে সংঘর্ষে নিহত ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় পুলিশ একাডেমির নিয়ন্ত্রণ নিয়ে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩০ জন সেনা ও ২৩ জন বিদ্রোহী। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে গতকাল সোমবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।সংস্থাটি জানায়, পুলিশ একাডেমির পাশে অবস্থতি এক সামরিক ঘাঁটির কাছে বিদ্রোহীরা একটি সরকারি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।খবরে বলা হয়, আলেপ্পোর খান আসাল শহরের বাইরে অবস্থিত এই পুলিশ একাডেমিতে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ এ সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাটি বলছে, বিদ্রোহীরা একটি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে।বিদ্রোহীরা পার্শ্ববর্তী মিনিঘ সামরিক বিমানবন্দরের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করে। তারা কয়েক মাস ধরে বিমানবন্দরটি বন্ধের চেষ্টা করছিল। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, হেলিকপ্টারটি যখন অবতরণের চেষ্টা করছিল, তখন সেটি গুলি করে ভূপাতিত করা হয়। তবে সরকারপন্থী আল-ওয়াতান পত্রিকা জানিয়েছে, পুলিশ একাডেমির সদস্যরা বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। সিরিয়ায় কর্মরত মানবাধিকারকর্মী ও চিকিত্সাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানায়, গতকাল সিরিয়াব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৯২ জন নিহত হয়েছে।