সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিতে ওবামার সম্মতি
যুক্তরাষ্ট্র আজ শুক্রবার ঘোষণা করেছে, দেশটি সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধাদের সরাসরি অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র বেন রোডসের বরাত দিয়ে বিবিসি জানায়, সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহ দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, এ ব্যাপারে হোয়াইট হাউস নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন।বেন রোডস সামরিক সাহায্য বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও বলেছেন, এর আগে বিদ্রোহীদের যেসব সহায়তা দেওয়া হয়েছে, এবার তার পরিমাণ ও পরিসর দুটোই বেশি হবে।যুক্তরাষ্ট্রের বিবৃতিকে ‘পুরোপুরি মিথ্যা’ অভিহিত করেছে সিরিয়ার সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হোয়াইট হাউস সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে ‘জাল তথ্যে ভরসা করছে’ এবং এর উদ্দেশ্য হলো, যেকোনো অজুহাতে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা।বিবিসি বলছে, সিরিয়ার বিদ্রোহীরা কয়েক মাস ধরে অস্ত্র চেয়ে লাগাতার আবেদন জানিয়ে আসছিল। এরই জবাবে যুক্তরাষ্ট্র সরকার আজ এ পদক্ষেপ নিল।বিবিসি আরও বলছে, প্রেসিডেন্ট ওবামা শেষ পর্যন্ত যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে একমত হলেন যে, সিরিয়ার গৃহযুদ্ধে সরকারের জয় কিছুতেই মেনে নেওয়া হবে না। কয়েক সপ্তাহ ধরে সরকারি বাহিনীর ধারাবাহিক সাফল্যে দেশটির বিদ্রোহীরা কোণঠাসা অবস্থায় পড়ে গেছে।ন্যাটোর মহাসচিব জেনারেল আন্দ্রেস ফো রাসমুসেন ওয়াশিংটনের ‘খোলামেলা’ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি সিরিয়াকে আহ্বান জানান, দেশটি যেন রাসায়নিক অস্ত্র ব্যবহার পর্যবেক্ষণে জাতিসংঘের দলকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়।ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি একমত এবং সিরিয়া নিয়ে করণীয় ঠিক করতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জি-এইট শীর্ষ বৈঠকে দুদেশে আলোচনা করবে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে ‘আমেরিকানরা আমাদের কাছে যা উপস্থাপন করেছে, সেগুলো আমাদের সন্তুষ্ট করতে পারেনি।’জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেছেন, বান এখনো মনে করেন সিরিয়ার সংঘাত অবসানে নতুন করে কাউকে ‘অস্ত্রসজ্জিত’ করার প্রয়োজন নেই। তিনি আরও মনে করেন, সিরিয়ার মানুষের শান্তি প্রয়োজন, অস্ত্র নয়।এর আগে সিরিয়ার সরকার দাবি করেছিল যে বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। সে সময় রাশিয়া ও চীন সিরিয়ার দাবির প্রতি সমর্থন জানিয়েছিল। এমনকি জাতিসংঘের পর্যবেক্ষক দলও অনানুষ্ঠানিকভাবে বলেছিল, সিরিয়ার সরকার নয়, বিদ্রোহীরাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।