সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সাহায্য দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের ১৩ কোটি ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে ইউরোপীয় দেশগুলো সিরিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে অবস্থান নিয়েছে। সিরিয়ার বিদ্রোহী ও তাদের মিত্রদের নিয়ে এক আলোচনায় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এ বিষয়ে একটি পরিকল্পনা ঘোষণা করার কথা ছিল।আজ রোববার দ্য গার্ডিয়ান জানায়, সামরিক সরঞ্জামগুলোর মধ্যে শরীরের বর্ম, সাঁজোয়া গাড়ি, অন্ধকারে দেখার চশমা এবং উন্নত যোগাযোগ প্রযুক্তির উপকরণ অর্ন্তভুক্ত থাকতে পারে। এ সব সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত এবং এদের আনুমানিক মূল্য সম্পর্কে ওই বৈঠকে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। বৈঠকের আগে কেরি সিরিয়ার বিদ্রোহীদের নেতা মোয়াজ আল খতিবের সঙ্গে আলোচনায় বসেন। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, সিরিয়ার বিদ্রোহীদের কোনো ধরনের অস্ত্র কিংবা প্রাণঘাতী মারণাস্ত্র পাঠানোর পরিকল্পনা তাঁর নেই। যদিও কংগ্রেস এবং প্রশাসনিক উপদেষ্টাদের মাধ্যমে সিরীয় সরকারকে চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে সিরিয়ার বিদ্রোহীদের খাদ্য ও চিকিত্সা সরঞ্জাম সরবরাহ করে আসছে। পরে এগুলোর সঙ্গে প্রতিরক্ষার জন্য সামরিক সরঞ্জামও সরবরাহ করা শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, এ পর্যন্ত দেশটি সিরিয়ার বিদ্রোহীদের ১১৭ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করে আসছে। এ নিষেধাজ্ঞা শিথিল হলে আগামী মাস থেকে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা যাবে। নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো না হলে আগামী মাসে নিষেধাজ্ঞাটি শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে।