সিরিয়ার বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকারবিরোধী বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ছুড়ে গতকাল মঙ্গলবার কমপক্ষে ২৫ জনকে হত্যা করেছে। রাজধানী দামেস্কে গতকাল সাতটি মর্টার শেল ছুড়েছে বিদ্রোহীরা, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া ও ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছে।সিনহুয়া জানায়, গতকাল সিরিয়ার সরকারবিরোধীরা তাদের গঠিত অস্থায়ী সরকারের জন্য একজনকে প্রধানমন্ত্রীও নির্বাচিত করেছে।সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টিভির খবরে বলা হয়েছে, আলেপ্পোর খান আল আসাল এলাকায় বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্রের হামলায় ২৫ জন নিহত হওয়ার পাশাপাশি ১৩০ জন আহত হয়েছে। তবে বিদ্রোহীরা হামলার দায়দায়িত্ব অস্বীকার করেছে।তথ্যমন্ত্রী ওমরান আল জুবি এ হামলার পর বলছেন, এতে পরিস্থিতি ‘আরও বিপজ্জনক’ হলো। তিনি বলেন, বিদ্রোহীদের কাছে প্রতিবেশী দেশগুলোই এমন মারণাস্ত্র সরবরাহ করেছে।জুবি বলেন, ‘আজকের হামলায় সন্ত্রাসীরা এমন এক ধরনের অস্ত্র ব্যবহার করল, যার ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।’ তিনি বলেন, বিদ্রোহীদের নবগঠিত সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাদের সাফল্য প্রমাণ করতে চাইছে। হামলার পর সিরিয়ার টেলিভিশনে রাসায়নিক অস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখানো হয়। একটি হাসপাতাল দেখানো হয়, যেখানে শত শত মানুষ মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে চিকিত্সা নিচ্ছেন। চিকিত্সক ও নার্সরা নির্ধারিত পোশাক পরে আহত লোকজনকে চিকিত্সা দিচ্ছেন।এক রোগীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখ ও নাক দিয়ে সাদা রঙের তরল বের হচ্ছিল। হামলার ঘটনায় বিমূঢ় হয়ে যাওয়া এক শিশুকেও দেখানো হয়। এ ধরনের অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে মুখ খুলতে ও জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি বলেন, ‘কিছু আরব ও পশ্চিমা রাষ্ট্র, বিশেষত তুরস্ক সন্ত্রাসীদের সহায়তা দিয়ে যে ধরনের অপরাধ কর্মকে চাগিয়ে তুলেছে, এ হামলাটি সেগুলোর অন্যতম।’ তুরস্ককে তিনি সিরীয় জনগণের বিরুদ্ধে হামলার জন্য দায়ী করেছেন।এ হামলার ঘটনায় রাশিয়া ও ইরান নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই। বিদ্রোহীরা এমন সময় রাসায়নিক অস্ত্র ব্যবহার শুরু করল, যখন ব্রিটেন ও ফ্রান্স বিদ্রোহীদের ওপর থেকে সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছে। সরকারবিরোধী কয়েকটি দল তুরস্কের ইস্তাম্বুলে গতকাল মঙ্গলবার এক বৈঠকে বিদ্রোহী জোটের নেতা হাসান হিতোকে দেশটির অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। আরব লিগ গত সপ্তাহে জানিয়েছিল, সিরিয়ার বিদ্রোহীরা যদি সরকার গঠন করে, তবে সে সরকারকে আরব লীগের সদস্যের মর্যাদা দেওয়া হবে। এরপর বিদ্রোহীরা সরকার গঠন করল।নবনির্বাচিত হাসান হিতো (৫০) একজন সিরীয় বংশোদ্ভূত আমেরিকান। তিনি আশির দশকে সিরিয়া ত্যাগ করেন। ইন্ডিয়ানা ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কাজ করতেন। হিতোর স্ত্রী সুজান যুক্তরাষ্ট্রের একটি বিদ্যালয়ে পড়ান। এ দম্পতির চারটি সন্তান আছে, যাঁরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক।