সিরিয়ার বিরোধী জোটের নতুন প্রধান
সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলোর জোট ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস বা সিরিয়ান রেভল্যুশন দেশটির মধ্যপন্থী ধর্মীয় নেতা মুয়াজ আল খতিবকে তাদের প্রধান হিসেবে নির্বাচিত করেছে।গতকাল রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলো একক একটি জোট গঠনের ব্যাপারে একমত হয়। আসাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে এই জোট গঠন করা হলো।বৈঠকের একটি পর্ব শেষে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী একটি পক্ষের নেতা সাদরাদ্দিন আল বায়ানাউনি বলেন, নতুন জোট গঠনের ব্যাপারে প্রাথমিক চুক্তি হয়েছে। নতুন এই জোট ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস বা সিরিয়ান রেভল্যুশন নামে পরিচিত হবে।এদিকে নব গঠিত এ জোটকে গতকালই সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যান্য পশ্চিমা দেশ ও ফ্রেন্ডস অব সিরিয়ার অন্তর্ভুক্ত আঞ্চলিক মিত্রদের কাছ থেকে এ জোট আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে।ঐক্যবদ্ধ জোটের প্রেসিডেন্ট আহমেদ মুয়াজ আল খতিব (৫০) সুন্নি অনুসারী। তিন মাস আগে দামেস্ক থেকে পালিয়ে যান তিনি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমালোচনা করায় একাধিকবার কারাবরণ করেছেন খতিব।বৈঠক থেকে নতুন জোটের দুজন ভাইস প্রেসিডেন্টের নামও ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন: রিয়াদ সাইফ ও ধর্মনিরেপক্ষ নারীকর্মী সুহাইর আল আতাসি।নবগঠিত এ জোট ছোট আকারের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি একটি সামরিক পরিষদও গঠন করবে। আল জাজিরা অনলাইন।