সিরিয়ার যুদ্ধ অবসানে নতুন চেষ্টার আহ্বান
সিরিয়ায় চলমান যুদ্ধ অবসানে নতুন করে চেষ্টা চালাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। একই সঙ্গে সংস্থাটি অক্ষম বলে মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।হিলারি ক্লিনটন বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই সিরিয়ার সহিংসতা বন্ধে কাজ করতে হবে। নিরাপত্তা পরিষদের সদস্যদের আরও একবার এ সংকট সমাধানে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও সিরিয়ার ইস্যুতে জাতিসংঘের কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে সিরিয়ায় শিশু নির্যাতনের সাম্প্রতিক তথ্যপ্রমাণ জাতিসংঘের মর্যাদায় জঘন্য ধরনের একটি কলঙ্ক বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ার সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে রয়েছে, তবে রাশিয়া ও চীন সিরিয়া সরকারকে মদদ দিচ্ছে।এর আগে গতকাল বুধবার সকালে দামেস্কের কেন্দ্রস্থলে সামরিক বাহিনীর সদর দপ্তর ভবনে আত্মঘাতী হামলা চালায় বিদ্রোহীরা। সিরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ওই হামলায় চার সেনা নিহত হয়েছে। বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি ও আনসার আল ইসলাম নামের একটি ইসলামি সংগঠন যৌথভাবে এ হামলার দায় স্বীকার করেছে।