সিরিয়ার সরকারবিরোধীরা ‘আল্লাহর শত্রু’
সিরিয়ার সরকারবিরোধী দলগুলোকে ‘আল্লাহর শত্রু এবং পশ্চিমা বিশ্বের হাতের পুতুল’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আজ রোববার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে জানায় বিবিসি।চলমান সহিংসতার ঘটনায় সাধারণ লোকজনের দুর্দশায় গভীর দুঃখ প্রকাশ করে বাশার আল-আসাদ বলেন, দেশের প্রতিটি কোনায় ব্যথার ‘কালো মেঘ’ ছেয়ে গেছে। একই সঙ্গে বাশার জাতীয় সংলাপ এবং জাতীয় সনদের ওপর গণভোট করার পরিকল্পনার কথা জানান।জাতিসংঘের এক হিসাবে দেখা যায়, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গত জুনের পর জনগণের উদ্দেশে এটাই আসাদের প্রথম ভাষণ। এর আগে গত নভেম্বরে রাশিয়ার একটি টেলিভিশনে সাক্ষাত্কার দেওয়ার সময় আসাদ বলেছিলেন, তিনি সিরিয়াতেই বেঁচে থাকতে ও মারা যেতে চান।