সিরিয়ার সামরিক পুলিশ প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরীয় সামরিক পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবুল আজিজ আল-শালাল পদত্যাগ করেছেন। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, পদত্যাগের পর তিনি তুরস্কে পালিয়েছেন। খবরে বলা হয়, এক ভিডিও বার্তায় পদত্যাগের খবর নিশ্চিত করেন শালাল। এতে তিনি বলেন, সেনাবাহিনী শহর ও গ্রামে সিরীয় জনগণকে রক্ষার পরিবর্তে তাদের ওপর গণহত্যা চালাচ্ছে। জাতিকে রক্ষার মূল লক্ষ্য থেকে সরে এসে ‘হত্যাকারী দলে’ পরিণত হয়েছে। তাই তিনি এ বাহিনী থেকে পদত্যাগ করেছেন।শালাল বলেন, কড়া নজরদারির কারণে পদত্যাগ করা কঠিন হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ‘আরও পদস্থ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করতে চান। তবে পদত্যাগের ঘোষণা দেওয়ার মতো অবস্থা তাঁদের নেই।’ বিদ্রোহী সূত্রগুলো জানিয়েছে, পদত্যাগের আগ থেকেই গোপনে বিদ্রোহীদের সহায়তা করছিলেন শালাল।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সামরিক পুলিশ প্রধানের পদত্যাগের খবর নিশ্চিত করেছে। তবে পদত্যাগের বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।ওই সূত্র আরও জানায়, জেনারেল শালাল কিছুদিন পরই অবসরে যেতেন। তিনি ‘নায়ক’ হওয়ার জন্য বিদ্রোহে যোগ দিয়েছেন।