সিরিয়ার হোমসে ত্রাণ দেবে রেডক্রস
সিরিয়ার তৃতীয় প্রধান শহর হোমসের বাবা অমর এলাকায় খাদ্য ও চিকিত্সা সামগ্রী সরবরাহ করবে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)। প্রায় তিন সপ্তাহ অবরুদ্ধ থাকা এ শহরে আজ শুক্রবার ত্রাণ সরবরাহ করতে যাবে তারা। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়, আইসিআরসি ও সিরিয়ান রেড ক্রিসেন্ট সম্মিলিতভাবে বাবা অমর এলাকায় প্রবেশ করবে। ত্রাণ সরবরাহ ছাড়াও আহত ব্যক্তিদের ওই এলাকা থেকে স্থানান্তরের জন্য পরিকল্পনা করছে তারা। গত কয়েক সপ্তাহ জুড়ে বাবা অমর এলাকায় দেশটির সরকারি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে ওই এলাকায় জানমালের ব্যাপক ক্ষতি হয়। তাই আসাদপন্থীরা ওই এলাকা থেকে বিরোধীদের হটিয়ে দখল নিতে তত্পর হয়। গতকাল বৃহস্পতিবার থেকে দেশটির বিরোধী ফ্রি সিরিয়ান আর্মি বাবা অমর থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে বলে জানিয়েছে এক আন্দোলন কর্মী। তবে, ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা তাঁদের এই প্রত্যাহারকে ‘কৌশলগত প্রত্যাহার’ হিসেবে দাবি করেছেন। বিবিসি।