সিরিয়া ইস্যুতে মার্কিন মিত্রদের বিরুদ্ধে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য পশ্চিমা নেতাদের আহ্বানের বিরোধিতা করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আজ শুক্রবার এ মত জানিয়ে বলেছে, ঘোষিত সংস্কার বাস্তবায়নের জন্য আসাদকে সময় দেওয়া দরকার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র বলেছে, ‘এ ধরনের আহ্বান আমরা সমর্থন করি না। আমরা বিশ্বাস করি, ঘোষিত সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট আসাদকে সময় দেওয়া দরকার।’ বিশ্বনেতারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় রাশিয়া এ বিষয়ে তাদের অবস্থান প্রকাশ করল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা আসাদকে এ আহ্বান জানান।এদিকে আসাদ বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করা হয়েছে। গত বুধবার তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে এ কথা বলেন। সিরিয়ার এ দাবির সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। তবে জাতিসংঘ জানিয়েছে, তারা সিরিয়ার মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাল শনিবার সে দেশে একটি প্রতিনিধিদল পাঠাবে। সিরিয়ায় মার্চের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন দাবিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছে।