সিরিয়া একটি কসাইখানা
সিরিয়ায় আহত সানডে টাইমসের ব্রিটিশ ফটোসাংবাদিক পল কনরয় সিরিয়াকে একটি ‘কসাইখানা’ বলে উল্লেখ করেছেন। লন্ডনের হাসপাতালের বিছানায় শুয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। বিবিসি এ কথা জানিয়েছে।খবরে বলা হয়, পল কনরয় সিরিয়ার হোমস শহরের বাবা আমর জেলায় গত সপ্তাহে এক হামলায় আহত হন। এ হামলায় সানডে টাইমসের আরেক সাংবাদিক ম্যারি কলভিন ও ফ্রান্সের ফটোসাংবাদিক রেমি ওচলিক নিহত হন।৪৭ বছর বয়সী পল কনরয় বলেন, ম্যারি কলভিন খুব উঁচুমানের একজন সাংবাদিক ছিলেন। তিনি ধৈর্যশীল ও খুব সাহসী ছিলেন।পল কনরয় সিরিয়ার অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, এর আগে তিনি অনেক যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছেন। কিন্তু সিরিয়ার মতো খারাপ অবস্থা তিনি অন্য কোথাও দেখেননি। তিনি আরও বলেন, যে সংঘর্ষ চলছে, তার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। এখানকার মানুষ ও পুরো শহরকে ধ্বংস করার জন্যই হামলা চালানো হচ্ছে। এক কথায় এখানে যা ঘটছে, তাতে একে কসাইখানা ছাড়া অন্য কিছু বলা যায় না। এখানে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, তাতে একটি মানুষও বেঁচে থাকবে না বলে সন্দেহ প্রকাশ করেন কনরয়। এ ছাড়া এই হত্যাযজ্ঞ আশপাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে বলে জানান তিনি।পল কনরয় আহত হওয়ার দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, বাবা আমরে তাঁদের বাড়িতে বাইরে থেকে মর্টারের গোলা নিক্ষেপ করা হয়। এতে তিনি পায়ে প্রচণ্ড আঘাত পান এবং তাঁর পাশের দুই সাংবাদিক নিহত হন। এতে আরও ১০ ব্যক্তি ও পাঁচ শিশু নিহত হয়। সেখানে এমন এক অবস্থা ছিল যে চিকিত্সা করার মতো কেউ ছিলেন না। তিনি জানান, তাঁরা যতক্ষণ বাবা আমরে ছিলেন, ততক্ষণ মৃত্যু আতঙ্কে ছিলেন।