সিরিয়া এখন যুদ্ধাবস্থায়: বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তাঁর দেশ এখন যুদ্ধাবস্থায় রয়েছে। গতকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। আজ বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।সিরিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে আসাদবিরোধী বিদ্রোহ চলার পর প্রেসিডেন্ট বাশার গতকাল শপথ নেওয়া মন্ত্রিসভার সদস্যদের এক বৈঠকে বলেন, তাঁর দেশ এখন যুদ্ধাবস্থায়। যুদ্ধে জয়ী হতে সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। কাজেই সব দিক দিয়ে সব ধরনের ব্যবস্থা নিতে হবে, যাতে যুদ্ধে জয়ী হওয়া যায়।’মানবাধিকার কর্মীরা বলেছেন, গতকালও রাজধানী দামেস্কের অদূরে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এর আগে এ ধরনের ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। এদিকে প্রতিবেশী তুরস্কের একটি সামরিক বিমান ভূপাতিত হওয়া নিয়ে সিরিয়ার সঙ্গে দেশটির সম্পর্কে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। গতকাল মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বাশার বলেন, ‘প্রকৃতপক্ষে সবকিছু মিলিয়ে আমরা একটি যুদ্ধক্ষেত্রে বাস করছি। আর এখন যুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই আমাদের সব নীতি ও কাজ-কর্ম চলবে।’যে দেশগুলো বাশারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলছে, তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমারা শুধু নিতে জানে, কখনো কিছু দেয় না।’ তিনি বলেন, ‘আমরা চাই সব দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকুক। কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, আমাদের স্বার্থটা কোথায়।’এদিকে যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, দামেস্ক থেকে আট কিলোমিটার দূরে কাদসায়া ও আল-হামায় প্রেসিডেন্ট বাশারের নিরাপত্তা বাহিনী রিপাবলিকান গার্ডের সদস্যদের সঙ্গে আসাদ-বিরোধীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সাংবাদিকদের ভাষ্যমতে, রিপাবলিকান গার্ডের ঘাঁটির কাছে এ ধরনের হামলা এর আগে কখনো হয়নি। বাশারের ছোট ভাইয়ের নেতৃত্বাধীন এই এলিট রিপাবলিকান গার্ডের সদস্যরা রাজধানী দামেস্ক রক্ষায় নিয়োজিত। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, গতকালের যুদ্ধে বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়।