সিরিয়া কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধ করছে: মুন
সিরিয়া কর্তৃপক্ষ দেশটির বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সুস্পষ্ট ও ব্যাপকভাবে অপরাধ সংঘটিত করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ অভিযোগ করেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে। সিরিয়ার তৃতীয় প্রধান শহর হোমসে বেসামরিক নাগরিকদের ওপর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের হামলাকে চরম নৃশংস ঘটনা বলে অভিহিত করেন বান কি মুন। জাতিসংঘের মহাসচিব বলেন, সিরিয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আর তাদের এই নিষ্ক্রিয়তা সিরিয়ার নেতৃত্বকে দেশটির সাধারণ নাগরিকদের ওপর নিপীড়ন চালাতে আরও উত্সাহিত করেছে। কয়েক সপ্তাহজুড়ে সিরিয়ার হোমস শহরের বাবা আমর এলাকায় আসাদের অনুগত বাহিনী সরকারবিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। সরকারি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণ ও হামলায় ওই এলাকার জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। অবরুদ্ধ হোমসে রেডক্রসের ত্রাণ সরবরাহের কথা ছিল। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত হোমসের বাবা আমরে প্রবেশের অনুমতি পায়নি রেডক্রস। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব গতকাল এসব কথা বলেন।