সিরিয়া ছেড়েছে রেকর্ডসংখ্যক শরণার্থী
জাতিসংঘ জানিয়েছে, গত মাসে সিরিয়া ছেড়েছে এক লাখের বেশি শরণার্থী। গত বছরের মার্চে শুরু হওয়া সংঘর্ষের পর শরণার্থীর এ সংখ্যা সব রেকর্ড ছাড়িয়েছে। খবর বিবিসির। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, এক মাসে সিরীয় শরণার্থীর সংখ্যা দ্বিগুণ হয়ে দুই লাখ ৩৫ হাজার ২০০ হয়েছে। সংস্থাটির মুখপাত্র মেলিসা ফ্লেমিং এ কথা জানান। ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, আগস্টে মাত্র এক সপ্তাহে তুরস্ক, ইরাক, লেবানন ও জর্ডানে আশ্রয় নেয় ৩০ হাজার মানুষ। একই মাসে দেশ ছাড়ে এক লাখ তিন হাজার ৪১৬ জন। এর বাইরেও অনেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।তুরস্ক জানিয়েছে, দেশটি এ পর্যন্ত ৮০ হাজার মানুষকে আশ্রয় দিয়েছে। এ ছাড়া সেখানে প্রবেশের অপেক্ষায় সিরীয় সীমান্তে রয়েছে আরও আট হাজার মানুষ। জর্ডান সরকারের তথ্য অনুযায়ী, গত বছর বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত এক লাখ ৮৩ হাজার সিরীয়কে আশ্রয় দিয়েছে। গড়ে এক হাজার মানুষ প্রতিদিনই প্রবেশ করছে।ইরাকেও প্রতিদিন ৫০০ সিরীয় আশ্রয় নিচ্ছে বলে জাতিসংঘ জানিয়েছে। অথচ আগস্টের প্রথম তিন সপ্তাহে ৫০০ জন করে শরণার্থী এসেছে দেশটিতে। এদিকে বিপুলসংখ্যক শরণার্থীর আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে লেবাননও। ক্লাস শুরু হওয়ায় অনেক স্কুল থেকেই এখন শরণার্থীদের বের করে দেওয়া হচ্ছে।