সিরিয়া জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বর্তমানে তাঁর ক্ষমতার ১১ বছরের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছেন। দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ এখন পুরো দেশে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার দেরা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে দেরা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েক ডজন মানুষ নিহত হয়। গতকাল ২০ জনের বেশি নিহত হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এক সপ্তাহের বিক্ষোভে অন্তত ৫৫ জন নিহত হয়েছে।কঠোরভাবে নিয়ন্ত্রিত সিরিয়ায় কয়েক মাসের আগেও এ ধরনের বিক্ষোভ ছিল অকল্পনীয়। রয়টার্স জানিয়েছে, রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। তবে সাংবাদিকদের ওপর কর্তৃপক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ করায় বিক্ষোভের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।সিরিয়ার সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, সরকারবিরোধী বিক্ষোভে অস্ত্রধারীরা অংশ নিচ্ছে। তাঁরা জানান, নিরাপত্তা বাহিনী শুধু এসব অস্ত্রধারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আন্তর্জাতিক মহল বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নিন্দা জানিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, লিবিয়ার মতো সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা নেই। কারণ, ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইসরায়েল, লেবানন, ইরাক ও তুরস্ক বেষ্টিত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য সিরিয়ার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আসাদ গত বৃহস্পতিবার রাজনৈতিক সংস্কার ও স্বাধীনতা দেওয়া এবং ১৯৬৩ সাল থেকে বলবত্ থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার অঙ্গীকার করেন। তবে বিক্ষোভকারীরা বলছে, তারা প্রেসিডেন্ট এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক স্বাধীনতা ও দুর্নীতি অবসানের দাবিতে সরকারবিরোধীরা চলমান এ বিক্ষোভ করছে।এদিকে আসাদের সমর্থকেরাও রাজধানীসহ বিভিন্ন শহরে মিছিল-সমাবেশ করছে বলে খবর পাওয়া গেছে।