সিরিয়া থেকে তুরস্ক ও লেবাননে গুলি, মুনের নিন্দা
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল সোমবার সিরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে তুরস্ক ও লেবাননে গুলি বর্ষণের ঘটনার নিন্দা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।তুরস্ক জানায়, দেশটির সীমান্ত ঘেঁষে সিরিয়া অংশে আসাদ অনুগত বাহিনী ও সরকারবিরোধীদের মধ্যে গতকালও বন্দুকযুদ্ধ হয়। এ সময় কয়েকটি গুলি সীমান্ত অতিক্রম করে তুরস্কে সিরীয়দের জন্য স্থাপিত শরণার্থী শিবিরে ঢুকে পড়ে। এতে ওই শিবিরের দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়।লেবাননের আল-জাদেদ টেলিভিশন চ্যানেল জানায়, লেবানন সীমান্তে এক ক্যামেরাম্যানকে সিরীয় সেনারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। মহাসচিবের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সিরিয়ায় চলমান সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বান কি মুন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এসব সহিংসতার ঘটনায় প্রতিবেশী দেশগুলোতে প্রতিনিয়ত শরণার্থীর সংখ্যা বাড়ছে।’সিরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে তুরস্ক ও লেবাননে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বান কি মুন।জাতিসংঘ ও আবর লিগের শান্তিদূত কফি আনানের প্রস্তাবিত অস্ত্রবিরতির অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আজ মঙ্গলবার থেকে বিভিন্ন শহর থেকে ভারী অস্ত্র ও সেনাবাহিনী সরিয়ে নিতে সম্মত হয়েছেন। কফি আনান বলেন, ৪৮ ঘণ্টার বেঁধে দেওয়া সময় মেনে চলতে হলে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ উভয়কেই যুদ্ধ বন্ধ করতে হবে। সিরিয়ার ঘনিষ্ঠ বন্ধু চীন, রাশিয়াসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো গত বৃহস্পতিবার সিরিয়ার বিরোধ নিষ্পত্তি করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার জন্য একমত হয়। আর প্রতিশ্রুতি রাখতে না পারলে সিরিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার চিন্তা করবে পরিষদ।যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেঁধে দেওয়া সময় বিনা শর্তে সবার মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন বান কি মুন। এদিকে হামলা বন্ধে গত রোববার বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে লিখিত অঙ্গীকার চেয়েছিল দেশটির সরকার। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। আর পশ্চিমা বিশ্বের কূটনীতিকেরা আসাদ সরকারের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছে।জাতিসংঘ জানায়, আসাদবিরোধী এই সংঘর্ষে নয় হাজারের বেশি লোক নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়া গত সপ্তাহে জানায়, সহিংসতার এ ঘটনায় ছয় হাজার ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে আড়াই হাজারেরও বেশি সেনা ও পুলিশ রয়েছে।