সিরিয়া থেকে তুরস্কে এক দিনে আশ্রয় নিয়েছে ২৮০০ শরণার্থী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াবিষয়ক জাতিসংঘ ও আবর লিগের বিশেষ দূত কফি আনানের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখনো সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর হামলা চলছে। শান্তি প্রস্তাব অনুযায়ী দেশের বিভিন্ন এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা বলা হলেও হোমস, দেরা ও দামেস্কের দুমা শহরতলিতে নতুন করে লড়াই চলছে। ফলে আতঙ্কিত হয়ে অনেকেই সীমান্ত অতিক্রম করে তুরস্কে আশ্রয় নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ইদলিব থেকে সীমান্ত অতিক্রম করে গতকাল বৃহস্পতিবার প্রায় দুই হাজার ৮০০ লোক তুরস্কে পালিয়ে গেছে। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানান, গত ১৫ মার্চ এক দিনে সর্বোচ্চ প্রায় এক হাজার শরণার্থী সিরিয়া থেকে তুরস্কে পালিয়ে যায়।

সিরিয়ার কাসতানাজ শহর থেকে আসা মোহাম্মদ খাতিব নামের এক শরণার্থী বলেন, ‘সেনাবাহিনী সব ভবন গুঁড়িয়ে দিচ্ছে। লোকজনকে ঘরছাড়া হতে বাধ্য করছে। আর বাড়ি ছাড়তে না চাইলে লোকজনকে ভেতরে রেখেই বাড়িটি গুঁড়িয়ে দিচ্ছে।’ গত তিন দিন ধরে ওই শহরে বিভিন্ন রাস্তায় প্রায় ২০০ লাশ পড়ে থাকতে দেখা গেছে। শহরটি এখন পরিত্যক্ত। তুরস্কের কয়েকজন গ্রামবাসী জানায়, তারা সিরিয়া অংশে দিনভর ভারী গোলাবর্ষণের শব্দ শুনতে পেয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট তাইপে এরদোগান গত মাসে বলেছিলেন, দুই দেশের সীমান্তের মাঝখানে তাঁর সরকার এমন একটা জায়গা করার কথা ভাবছেন যেখানে শরণার্থীরা নিরাপদে থাকবে। এরদোগান গতকাল আবারও বলেন, যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও আসাদ সরকার তাঁর কথা রাখেনি। সিরিয়ার সংঘাতপূর্ণ শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করে কফি আনানের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি উল্লেখ করেন এরদোগান।নিউইয়র্কে সিরিয়ার কর্মকর্তারা বলেন, ‘আমরা অবশ্যই শান্তির পক্ষে। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপ কাম্য নয়। কাতার, সৌদি আরব, তুরস্ক অস্ত্র দিয়ে সরকারবিরোধীদের সহায়তা করছে, যা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে।’কফি আনান আশার করছেন, ১২ এপ্রিলের মধ্যে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করবে।