সিরিয়া নিয়ে আলোচনায় তুরস্কে হিলারি
সিরিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ শনিবার তুরস্কে পৌঁছেছেন। এ সফরে তিনি তুরস্কের নেতা ও সিরিয়ার বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।এদিকে জাতিসংঘ বলছে, সহিংসতার কারণে সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো শহর থেকে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের অনেকেই জীবন বাঁচাতে প্রতিবেশী দেশ তুরস্কের সীমান্তে আশ্রয় নেওয়ায় মানবিক সংকটের মুখে পড়েছে দেশটি।সিরিয়ার ৫০ হাজারেরও বেশি মানুষ বর্তমানে তুরস্কে শরণার্থী হিসেবে আছে। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। এই শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিলারি ক্লিনটন সাহায্যের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।আলেপ্পোতে বিদ্রোহীরা বলছে, সরকারের অনুগত সেনারা সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সালাহ আল দীন থেকে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে তাঁদের হটিয়ে দেওয়ার পাল্টা প্রতিশোধ নিতে তাঁরা প্রস্তুতি নিচ্ছে।