সিরিয়া নিয়ে সতর্ক ভাবনায় যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোল শেষ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাভাবিকভাবেই এখন কাজে ফিরে যাবেন। দেশ ও বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভাববেন। বিদেশের ক্ষেত্রে দিন দিন বাড়তে থাকা সিরিয়ার সংকট অবশ্যই তাঁর মাথাব্যথার কারণ হবে। ওবামা-প্রশাসন বেশ সতর্কতার সঙ্গে এই সংকটে ওয়াশিংটনের সংশ্লিষ্টতার বিভিন্ন বিকল্প পথ পুনর্মূল্যায়ন করছে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এদিকে সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলোর জোট ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস বা সিরিয়ান রেভল্যুশনকে স্বীকৃতি জানিয়েছে উপসাগরীয় ছয়টি দেশের জোট জিসিসি। গত রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলো একক একটি জোট গঠনের ব্যাপারে একমত হয়। আসাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে এই জোট গঠন করা হয়েছে। দেশটির মধ্যপন্থী ধর্মীয় নেতা মুয়াজ আল খতিবকে এ জোটের প্রধান করা হয়েছে।ওবামা-প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সিরিয়ায় চলমান যুদ্ধে ওয়াশিংটনের সংশ্লিষ্টতার সম্ভাব্য বিকল্প নিয়ে বেশ সতর্কভাবে চিন্তাভাবনা করছে হোয়াইট হাউস। তাঁদের অনেকেই সিরিয়ার সংকটে যুক্তরাষ্ট্রের বড় ধরনের ভূমিকা রাখার এখনই সময় বলে মনে করেন। এই ঘরানার সমর্থকদের মতে, সিরিয়ার বিদ্রোহীদের অধিক সমর্থন ও সীমিত পর্যায়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে যে পন্থায় হটানো হয়েছে, এটিও ওয়াশিংটনের আলোচনার টেবিলে আছে বলে জানা গেছে।তবে সিরিয়ায় ইসলামপন্থী উগ্রবাদী গোষ্ঠীর উপস্থিতি, জাতিগত সংঘাত ও বিদ্রোহীদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়টি হোয়াইট হাউসকে ভাবিয়ে তুলেছে।সিরিয়ার সংঘাত প্রতিবেশী দেশ, বিশেষ করে লেবানন, ইরাক, তুরস্ক ও জর্ডানের ওপরও প্রভাব ফেলছে। সর্বশেষ ইসরায়েলের সঙ্গেও সিরিয়ার গোলাগুলির ঘটনা ঘটেছে। তাই সিরিয়ার সংকটে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় চুপ করে থাকাও সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে হেলিকপ্টার ও বিমান ব্যবহার করছে। ফলে সিরিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপের কথাও বেশ আলোচিত হচ্ছে। এর বিকল্প হিসেবে বিমান হামলা চালিয়ে আসাদ সরকারের বিমানবাহিনীর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। ওবামা-প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা ক্রমাগত বিভিন্ন বিকল্প দিক পুনর্মূল্যায়ন করছি।’ তিনি এ কথাও উল্লেখ করেন, সিরিয়ার বিদ্রোহীদের সরাসরি অস্ত্র দেওয়ার বিষয়টি ওয়াশিংটনের বিবেচনায় নেই।