সিরিয়া প্রশ্নে ওবামা-ক্যামেরন মতৈক্য (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সংকটের সমাধান প্রশ্নে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আসাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ক্যামেরন। তিনি বলেন, দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের প্রামাণ্য দলিল রয়েছে। ওবামা ক্যামেরনের এ অবস্থান সমর্থন করেন। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখলে দেশটিতে গৃহযুদ্ধ বা অভ্যুত্থান অবশ্যম্ভাবী হয়ে পড়বে।

অন্যদিকে বিবিসি অনলাইনের খবরে বলা হয়,সিরিয়ায় সংকট বন্ধের আহ্বান জানানোর পর প্রেসিডেন্ট আসাদের উত্তরের অপেক্ষায় রয়েছেন সিরিয়া সংকট বিষয়ে জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত কফি আনান। এ ব্যাপারে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জিহাদ আল মাকদিসি বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট আসাদের দিক থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া রয়েছে। কারণ, তিনি কফি আনানের এই মিশনের সাফল্য কামনা করেন। এতে সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান হবে বলেও বিশ্বাস করেন আসাদ। এদিকে, বিরোধীদের সঙ্গে চার দিনব্যাপী সংঘর্ষ শেষে গতকাল বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর দখলে নিয়েছে সিরীয় সরকারি বাহিনী। বিদ্রোহী গোষ্ঠীর এক কর্মীর বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। বিদ্রোহীদের দাবি, সিরিয়া জুড়ে সংঘর্ষে গতকাল ৫৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ইদলিবেই মারা গেছে ২৯ জন।চলমান সহিংসতার কারণে দামেস্কে অবস্থিত সৌদি আরবের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে, গত কয়েক সপ্তাহে দামেস্কে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের দূতাবাসগুলোও বন্ধ করে দেওয়া হয়।