সিরিয়া প্রশ্নে নিরাপত্তা পরিষদে ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা ও রক্তপাত বন্ধে আরব লিগ-সমর্থিত খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ শনিবার ভোটাভুটি হতে পারে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। রাশিয়ার আপত্তির কারণে আগের খসড়া প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে। এর পরও প্রস্তাবটি উত্থাপন করা হলে ভেটোর হুমকি দিয়েছে দেশটি। তবে এ প্রস্তাবে ভেটো না দেওয়ার শর্তের বিষয়েও রাশিয়া কিছু জানায়নি। সংশোধিত খসড়া প্রস্তাবে সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ বা সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বা অবরোধের বিষয়টি নেই। কিন্তু সিরিয়ার গণতান্ত্রিক উত্তরণে আরব লিগের ঘোষিত পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন দেওয়া হয়েছে।এদিকে সিরিয়ার বিরোধীরা দাবি করেছে, হোম শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী গতকাল শুক্রবার ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে ২০০ জনেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান দেশটিতে এই সহিংসতা বন্ধে আরব লিগের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে সিরিয়ার সরকার দাবি করেছে, দেশটিতে গত ১১ মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সহিংসতায় নিরাপত্তা বাহিনীর দুই হাজারেরও বেশি সদস্য নিহত হয়েছে।